Image description

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা এলাকায় বিএনপির দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে।

 

সোমবার (১ জুন) সকালে শুরু হওয়া এ সংঘর্ষকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার, গরুর হাটের নিয়ন্ত্রণ এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুর আবুল আজম সমর্থিত গ্রুপের সঙ্গে একই এলাকার ইকবাল শিকদার সমর্থিত গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

 

এর জের ধরে সোমবার সকালে পূর্ব বিরোধ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতাল ও খুলনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

 

এদিকে সংঘর্ষের খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকেই নিরাপত্তার জন্য বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যান।

 

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম এশিয়া পোস্টকে জানান, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।