Image description

প্রতিবাদের মুখে কুমিল্লা সফর স্থগিত করেছেন সাংবাদিক প্রভাস আমিন। তিনি কুমিল্লা সফর করতে পারেন–এমন খবরে প্রতিহতের ঘোষণা দেয় জুলাই রক্ষা আন্দোলন।

কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের নিউ হোস্টেল রিইউনিয়ন অনুষ্ঠানে রোববার যোগ দেওয়ার কথা ছিল প্রভাস আমিনের।

এ নিয়ে শনিবার (৩০ মে) রাতে ‘সাংবাদিক প্রভাস আমিনকে কুমিল্লায় প্রতিহতের ঘোষণা’ শিরোনামে সংবাদ প্রকাশ করে এশিয়া পোস্ট। বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে থাকেন বিভিন্ন স্তরের মানুষ।

রোববার সকালে রিইউনিয়ন আয়োজক কমিটির সদস্য ডা. আতাউর রহমান জসীম এশিয়া পোস্টকে বলেন, প্রভাস আমিনের অংশগ্রহণ নিয়ে বিভিন্ন মহলে আপত্তি ও বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না বলে আমাদের জানিয়েছেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, রিইউনিয়ন অনুষ্ঠানটি নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং নিবন্ধিত অংশগ্রহণকারীরাই এতে অংশ গ্রহণ করবে।

এর আগে জুলাই রক্ষা আন্দোলনের পক্ষ থেকে প্রভাস আমিনের কুমিল্লা সফর ও অনুষ্ঠানে অংশগ্রহণের বিরুদ্ধে প্রতিবাদের ঘোষণা দেওয়া হয়। সংগঠনটির দাবি ছিল, তিনি অতীতে আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান নিয়েছেন এবং তাকে সামাজিকভাবে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে শনিবার সংগঠনটির সমন্বয়ক আবু রায়হান স্বাক্ষরিত এক বিবৃতিতে প্রভাস আমিনের উপস্থিতির বিরোধিতা করা হয়।