Image description

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উন্নয়ন কর্মকাণ্ড যেন জনগণের উপকারে আসে।  আপনাদের পকেট যেন ভারি না হয়, তা নিশ্চিত করতে হবে। দুর্নীতি করলে জেলে যেতে হবে। আমাদের নেতা তারেক রহমানের দলে লুটপাট ও দুর্নীতির কোনো সুযোগ নেই। দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না।

শনিবার (৩০ মে) রাতে টাঙ্গাইলের বাসাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জ্বালানির অপচয় রোধের কথা জানিয়ে তিনি বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সরকার আজ দেশের শাসক নয়, দেশের সেবকে পরিণত হয়েছে।  বিদ্যুতের চরম সংকটের সময় প্রধানমন্ত্রী তার দপ্তরে এসি চালাননি।  আমাদের দপ্তরেও এসি চালানো হয়নি।

মন্ত্রী বলেন, অল্প কিছুদিনের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন আসবে। আর সিলমারার নির্বাচন হবে না। আপনাদেরকে বলব, ভালো লোকদের নির্বাচিত করবেন। 

তিনি আরও বলেন, দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশকে মাত্র সাড়ে তিন বছরের মাথায় স্বনির্ভর বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে দাঁড় করিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।  তার সময়ে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়ে বাংলাদেশ থেকে চাল রপ্তানি শুরু হয়েছিল। পাশাপাশি গার্মেন্টস শিল্প বিকাশে কোরিয়াসহ বিভিন্ন দেশে লোক পাঠিয়ে প্রশিক্ষণের মাধ্যমে শিল্পখাতকে সমৃদ্ধ করা হয়েছিল।  তিনি দেশে ইরি ধানের চাষও সম্প্রসারণ করেছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।