কুরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে সারাদেশের সঙ্গে টাঙ্গাইলেও শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
শুক্রবার (২৯ মে) টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে শহরের বেবিস্ট্যান্ড এলাকা ও প্রধান সড়কে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর বেবিস্ট্যান্ড মাদরাসা মাঠ থেকে থানা মোড় ও বাজার এলাকার প্রধান প্রধান সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থক ঝাড়ুসহ বিভিন্ন পরিষ্কার-পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে শহরের সড়ক ও আশপাশের এলাকায় ছড়িয়ে থাকা বর্জ্য অপসারণে অংশ নেন।
প্রতিমন্ত্রী পশুর হাটের কারণে সৃষ্ট বর্জ্য দ্রুত অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ ও নাগরিক ভোগান্তি কমিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করেন। তাঁর এ উদ্যোগে সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়।
প্রতিমন্ত্রীর এ উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া সৃষ্টি করে এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর পরিবেশ নিশ্চিতকরণে দায়িত্বশীলতার একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রতিমন্ত্রীর এই পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য অপসারণ কার্যক্রমে এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফি ইথেন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম’-এর প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল-সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।
পরে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল শহরের শহীদ মারুফ স্টেডিয়ামে ‘বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’ এবং জেলা পুলিশ লাইন্স মাঠ প্রাঙ্গণে ‘পুলিশ লাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, অনৈতিক কর্মকাণ্ড ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে এবং একটি সুস্থ্য, সচেতন ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তিনি তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি ও মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রেখে মাঠমুখী করতে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী হওয়ার আহ্বান জানান।