ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মসজিদের অর্থ দিয়ে কোরবানির ছুরি কেনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ইছাপুর বাইতুন নুর জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সফিল উদ্দিন নামের এক ব্যক্তি কোরবানির জন্য মসজিদের টাকায় একটি ছুরি কিনে ইমামকে দেন। বিষয়টি অনেকেই জানতেন না। শুক্রবার জুমার নামাজের সময় ছুরি কেনার বিষয়টি নিয়ে গ্রামের আজিম উদ্দিন মুসল্লিদের অবগত করলে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে বিষয়টিকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।