মাদারীপুরের কালকিনি উপজেলায় মানসিক ভারসাম্যহীন নারীর ফুটফুটে একটি কন্যাসন্তান জন্ম হয়েছে।
শুক্রবার (২৯ মে) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা বাসস্ট্যান্ড-সংলগ্ন সেতুর পাশে ওই নারী সন্তান প্রসব করেন।
স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের সহযোগিতায় মা ও নবজাতককে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, আনুমানিক ৩৫ বছর বয়সি ওই নারী কালকিনি পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। কেউ কিছু জানতে চাইলে তিনি ভিন্ন-ভিন্ন নাম ও পরিচয় দেন। শুক্রবার সকাল ৬টার দিকে তিনি ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা বাসস্ট্যান্ড-সংলগ্ন সেতুর গোড়ায় একটি কন্যাসন্তানের জন্ম দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন দেখতে পেয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীনকে খবর দেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই নারী ও নবজাতককে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহতা জারাব সালেহিন বলেন, হাসপাতালে আনার আগে একটি পক্ষ শিশুটিকে পাচার বা বিক্রির চেষ্টা করেছিল। ইউএনওর তৎপরতায় সেটি সম্ভব হয়নি। পুলিশকে জানানো হয়েছে, যাতে কেউ শিশুটিকে নিয়ে যেতে না পারে। বর্তমানে মা ও নবজাতক চিকিৎসকদের তত্ত্বাবধানে ভালো আছেন।
কালকিনির ইউএনও সাইফ-উল-আরেফীন বলেন, তাদের চিকিৎসার খরচ উপজেলা প্রশাসন বহন করবে। মা ও নবজাতক দুজনই বর্তমানে সুস্থ আছে। আপাতত নবজাতকের দায়িত্ব উপজেলা প্রশাসন নিয়েছে।
তিনি বলেন, ওই নারী দুই বছর ধরে তিনি কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। তার পরিচয় জানার চেষ্টা চলছে।