Image description

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি মসজিদের কমিটি গঠন ও ঈদগাহ মাঠের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই মহল্লার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কাবারিপাড়া শাহী জামে মসজিদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

 

আহতদের মধ্যে দুজন একই গ্রামের উত্তরপাড়া মহল্লার বসির উদ্দিনের ছেলে শাহিদুল ইসলাম এবং দক্ষিণপাড়া মহল্লার নসের শেখের ছেলে রবিউল ইসলাম বলে জানা গেছে। বাকিদের পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মসজিদ কমিটি গঠন ও ঈদগাহ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে কাবারিপাড়া গ্রামের উত্তর ও দক্ষিণপাড়া মহল্লার মধ্যে বিরোধ চলে আসছিল। আজ জুমার নামাজ শুরু আগে মসজিদে ওই দুই মহল্লার মুসল্লিদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

 

সূত্র আরও জানায়, মুসল্লিরা সংঘর্ষে জড়িয়ে পড়ায় পরে আর ওই মসজিদে জুমার নামাজ হয়নি।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি।