সততা ছাড়া জাতি গঠন সম্ভব নয়। যতদিন আমি আপনাদের সংসদ সদস্য হিসেবে থাকব, আমি কথা দিচ্ছি, কোনো ধরনের দুর্নীতি আমাকে স্পর্শ করবে না। আমি আল্লাহকে হাজির-নাজির রেখে বলতে পারি, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা বণ্টনে এক সেকেন্ডের জন্য, এক টাকা বা এক দানা চাল পরিমাণ দুর্নীতিও হয়নি।
নেত্রকোনার কলমাকান্দায় আল-জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ কথা বলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার (২৯ মে) দুপুরে কলমাকান্দা মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
বক্তব্যের শুরুতে এই মাদ্রাসা প্রাঙ্গণ ও এলাকার সাথে নিজের গভীর পারিবারিক ও আত্মিক সম্পর্কের কথা স্মরণ করে ডেপুটি স্পিকার বলেন, এই স্থানটি আমার অত্যন্ত স্মৃতি বিজড়িত এবং আমার বাবার অত্যন্ত প্রিয় স্থান ছিল। পাশেই এতিমখানা ও আমাদের জমি রয়েছে। এই প্রিয় স্থানে এসে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি।
অনুষ্ঠানে ব্যারিস্টার কায়সার কামাল তার প্রয়াত বাবার অনুপস্থিতিতে তার পক্ষ হয়ে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। এছাড়াও তিনি তার দাদার নামের সাথে মিল থাকা নেত্রকোনার ‘এন আকন্দ কামিল মাদ্রাসা’র কথাও শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
এলাকার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে তিনি বলেন, আমরা শুধু ন্যায়পরায়ণতাই নয়, আমরা দেখাতে চাই আমরা ন্যায়ের পথে, ইনসাফের পথে আছি। আমি ওপর আল্লাহকে হাজির-নাজির রেখে বলতে পারি, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা বণ্টনে এক সেকেন্ডের জন্য, এক টাকা বা এক দানা চাল পরিমাণ দুর্নীতিও হয়নি।
এলাকার দুর্নীতিবাজদের সতর্ক করে বলেন, অবৈধভাবে যে পয়সা ইনকাম করে স্ত্রী-সন্তানদের খাওয়াচ্ছেন, দিনের পর দিন বিল্ডিং তুলছেন, সব কিন্তু মহান রব দেখছেন। এক মুহূর্তে আপনার সব চলে যেতে পারে। দিনশেষে আমাদের আশ্রয় ও ঠিকানা ওই সাড়ে তিন হাত মাটি। তাই সততার সাথে কাজ করার কোনো বিকল্প নেই।
হজরত আবু বকর (রা.) এর একটি উদ্ধৃতি স্মরণ করিয়ে তিনি বলেন, আমি ভালো কাজ করলে আপনারা সহযোগিতা করবেন, আর ভুল করলে তা শুধরে দেবেন।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও শিক্ষক মাও. মো. আবুল হাসেমের সভাপতিত্বে মিলনমেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাজমুন নাহার নীলু।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদ্রাসা শিক্ষাবোর্ডের উপ-পরিদর্শক-১ মো. আকরাম, কলমাকান্দার ইউএনও এসএম মিকাইল ইসলাম, আল-জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাও. মো. হাবিবুর রহমান, কলমাকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ সুকুমার চন্দ্র বনিক, উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুুল হাসেম।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার (কাস্টমস) মো. মিজানুর রহমান, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, এন আকন্দ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল বাতেন প্রমুখ।