Image description

রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

 

শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকগুলোতে), এবং আদ-দ্বীন হাসপাতালের পরিচালককে নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।

 

নোটিশে বলা হয়, সম্প্রতি হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে ঘটে যাওয়া ঘটনাগুলো দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার বড় ধরনের দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে। অভিযোগ অনুযায়ী, গভীর রাতে কয়েকজন সদ্যোজাত শিশু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে তীব্র কান্না, শ্বাসকষ্ট, বমি ও শারীরিক অবস্থার দ্রুত অবনতি দেখা দেয়। একই সময়ে কয়েকজন প্রসূতি মাও অসুস্থ হয়ে পড়েন।

 

অভিভাবকদের অভিযোগ, সংকটময় পরিস্থিতিতেও পর্যাপ্ত জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়নি। দায়িত্বে থাকা চিকিৎসাকর্মীদের উপস্থিতি ও তৎপরতায় ঘাটতি ছিল বলেও অভিযোগ উঠেছে। এছাড়া গুরুতর অবস্থায় থাকা নবজাতকদের দ্রুত উন্নত চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরেও বিলম্ব হয়েছে বলে দাবি করা হয়েছে।

 

আইনি নোটিশে চার দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে- ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কার্যকর ক্ষতিপূরণ দেওয়া, দেশের সব হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে জরুরি চিকিৎসাসেবা ও রোগী নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা প্রণয়ন এবং হাসপাতালগুলোর সার্বিক স্বাস্থ্যসেবা তদারকিতে কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা।

 

এর আগে, বুধবার (২৭ মে) সকালে হাসপাতালটির ডেলিভারির পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় নবজাতকের মৃত্যু হয়। নবজাতকদের বয়স এক থেকে তিন দিন। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ রায়হান বলেন, হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে কিছু নির্মাণগত ত্রুটি পাওয়া গেছে। সেগুলো নবজাতকদের চিকিৎসা পরিবেশে কোনো ধরনের প্রভাব ফেলেছিল কি না, তা তদন্ত প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন নথি ও প্রযুক্তিগত তথ্য পর্যালোচনা করা হয়েছে। আগামীকাল শনিবার (৩০ মে) এ বিষয়ে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়া যাবে।