দেশজুড়ে বাড়ছে হাম রোগীর সংখ্যা। এমন পরিস্থিতিতে সরকারি ও বেসরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসায় বিশেষ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোগীর সংক্রমণ নিয়ন্ত্রণ ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণসহ জারি করা হয়েছে পাঁচ দফা নির্দেশনা।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) মঈনুল আহসান স্বাক্ষরিত এ নির্দেশনায় বলা হয়েছে, সরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে হাম ও সন্দেহজনক হাম রোগীদের জন্য চালু করতে হবে পৃথক ওয়ার্ড বা কেবিন। আক্রান্ত রোগীদের ভর্তি করে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ারও।
হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে বলে জানানো হয়েছে নির্দেশনায়। ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকালে রাউন্ড দিতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকদের।
রোগীর সঙ্গে একজনের বেশি অভিভাবক বা দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না বলেও জানানো হয়েছে উল্লেখ করা হয়েছে নির্দেশনায়। পাশাপাশি ভর্তি রোগীদের তথ্য প্রতিদিন এমআইএস সার্ভারে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।