ঝিনাইদহের সদর উপজেলায় ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।আজ সোমবার সকালে সদর উপজেলার গাগান্না গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মজিবর খান ও তার স্ত্রী মোমেনা খাতুন। একই সঙ্গে স্বামী-স্ত্রী মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, সকালে বাড়িতে মজিবর খাঁ ইলেকট্রনিক ফ্যানে ধান উড়াতে যান। এ সময় ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেন তিনি। তবে ফ্যান না চলায় তিনি চেক করতে যান। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রথমে ফ্যানটি মজিবরের বুকের ওপর পড়ে যায়।এ সময় স্ত্রী তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে। এরপর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।