ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোসলেহ্ উদ্দিন আহমদ।
সোমবার বেলা ১১টার দিকে তিনি ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন নজরুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মোসলেহ্ উদ্দিন আহমদকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
গত ১৪ মে ডিএমপির কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার সরকারি চাকরি থেকে অবসরে যান। পরে তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) নজরুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। পরবর্তী সময়ে নজরুল ইসলাম ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও নগর পুলিশের কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা তৈরি হয়েছে।
ঢাকাটাইমস