হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে কোনো বিভেদ, ফাটল বা বিরোধ নেই। একটি স্বার্থান্বেষী মহল সংগঠনটিকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালালেও বাস্তবে হেফাজত আগের মতোই ঐক্যবদ্ধ ও সুসংগঠিত রয়েছে।
রোববার (১৭ মে) সকালে ফটিকছড়ির নাজিরহাটের আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা প্রাঙ্গণে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা ও উপকমিটির সদস্যদের বিশেষ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কিছু বাতেল গোষ্ঠী হেফাজতের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে বলে গুজব রটাচ্ছে।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, হেফাজতে ইসলামের মধ্যে কোনো বিভেদ নেই। ১১ দলীয় জোট কেবল একটি রাজনৈতিক প্লাটফর্ম।
তিনি আরও বলেন, চব্বিশ-পরবর্তী সময়ে আমাদের মধ্যে একটি রাজনৈতিক প্লাটফর্ম গড়ে উঠেছে, যেখানে হেফাজতের অনেক নেতা সম্পৃক্ত হয়েছেন। এটি মূলত ভোট ও রাজনৈতিক ঐক্যের বিষয়। আমিরে হেফাজত বিভিন্ন সময়ে যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে আমাদের পূর্ণ সহমত রয়েছে। এ নিয়ে ১১ দলীয় জোটের কোনো ক্ষোভ বা দ্বিমত নেই।
ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকে আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, আল্লামা আইয়ুব বাবুনগরী এবং সাংগঠনিক সম্পাদক আল্লামা বশিরুল্লাহ প্রমুখ।