ময়মনসিংহের ভালুকায় মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে ব্যবসায়ীদের ধাওয়ায় ফিরে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন। এ ঘটনায় আহত হয়েছেন তার নিরাপত্তার দায়িত্বে থাকা এক আনসার সদস্য। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে লাকড়ি ফেলে আগুন দেয় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। এতে প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল।
গত শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উপজেলার সিডস্টোর বাজার এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার উপজেলা স্কয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ইউএনও ফিরোজ হোসেন। অভিযান শেষে ফেরার পথে সিডস্টোর বাজার এলাকায় ফুটপাতের অবৈধ দোকান সরিয়ে নিতে নির্দেশ দেন তিনি।
এ সময় ইউএনওর সঙ্গে থাকা কয়েকজন আনসার সদস্য ফুটপাত ব্যবসায়ীদের মালামাল একটি মিনি ট্রাকে তুলতে গেলে ক্ষুদ্র ব্যবসায়ীরা বাধা দেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে আশপাশের ব্যবসায়ীরাও ক্ষুব্ধ হয়ে ইউএনওসহ উচ্ছেদ অভিযানের টিমকে ধাওয়া দেন।
এ সময় ইউএনও নিরাপদে সরে গেলেও আহত হন আনসার সদস্য রুবেল মিয়া (২৮)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর সিডস্টোর বাজারের ব্যবসায়ীরা মহাসড়কে নেমে লাকড়ি ফেলে আগুন দেন। এতে সন্ধ্যা ৭টা থেকে রাত সোয়া ৮টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শেখ জান্নাতুল তাসলিমা জানিয়েছেন, আনসার সদস্য রুবেল মিয়া হাঁটুতে আঘাত পেয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে ইউএনও ফিরোজ হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
ভালুকা মডেল থানার ওসি জাহিদুল হাসান বলেছেন, ইউএনও সুস্থ আছেন। তার গাড়িও অক্ষত রয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
উচ্ছেদ অভিযানে গিয়ে ইউএনও ধাওয়ার মুখে পড়ার বিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান বলেছেন, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে পরে জানানো হবে।