Image description

হিজরি সনের ১২ মাসের চারটি মাস বিশেষ মর্যাদাসম্পন্ন। এই চার মাসের অন্যতম হল জিলহজ মাস। 

 

আল্লাহতায়ালা পবিত্র কুরআনে বলেছেন, প্রকৃতপক্ষে আল্লাহর কাছে মাসের সংখ্যা বারোটি, যা আল্লাহর কিতাব অনুযায়ী সেই দিন থেকে চালু আছে, যেদিন আল্লাহতায়ালা আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছিলেন। এর মধ্যে চারটি মাস মর্যাদাপূর্ণ। এটিই সুপ্রতিষ্ঠিত বিধান। (সূরা- তাওবাহ, আয়াত-৩৬) 

মাসগুলো হল জিলকদ, জিলহজ, মহররম ও রজব। এসব মাসে যুদ্ধবিগ্রহ, কলহ-বিবাদ সম্পূর্ণ নিষিদ্ধ।

জিলহজ মাসের অন্যতম প্রধান হলো আল্লাহর জন্য পশু কুরবানি। হজরত ইবরাহিম (আ.) ও তার পুত্র ইসমাঈল (আ.)-এর আত্মত্যাগ স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পশু কুরবানির বিধান দিয়েছেন। 

কুরবানি তো তারাই দেবে, যাদের সামর্থ্য রয়েছে। যাদের রয়েছে কুরবানি ওয়াজিব হওয়ার মতো নেসাব ও সম্পদ, তাদের ওপরই কুরবানি ওয়াজিব।

কিন্তু আল্লাহর মেহেরবানি, ইচ্ছা করলে অসামর্থ্যবানরাও কুরবানির সওয়াব হাসিল করতে পারে। তারাও পারে আল্লাহর অফুরন্ত রহমত কুড়াতে, এবং জান্নাতে প্রবেশ করতে। এটি শুধু কুরবানির ক্ষেত্রেই নয়, অন্যান্য আমলের ক্ষেত্রেও। 

যারা কুরবানির সামর্থ্য রাখে না, তারা যদি ঈদের দিন ক্ষৌর কর্ম করে। অর্থাৎ জিলহজ মাসের চাঁদ ওঠার পর ক্ষৌরকার্য না করে ঈদের নামাজ পড়ে এসে ক্ষৌরকর্ম করে। 

একটি হাদিসে এমন ব্যক্তিকে একটি কুরবানির সওয়াব দেওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে।

আমর বিন আস (রা.) বলেন, নবী করিম (সা.) ইরশাদ করেছেন: আমাকে আজহার দিনকে ঈদ পালনের নির্দেশ দেওয়া হয়েছে এবং এটিকে আল্লাহতায়ালা সমগ্র উম্মতের জন্য ঈদ করেছেন। 

 

 

জনৈক ব্যক্তি বললেন, আমার কাছে ধার করা দুধের বকরি ছাড়া আর কিছু না নেই, আমি কি কুরবানি করবে? নবীজি বললেন— না। তুমি তোমার চুল, নখ, গোঁফ কাটবে, এবং নাভীর নিচের পশম পরিষ্কার করবে। এর দ্বারা তুমি আল্লাহর কাছে পূর্ণ কুরবানির সওয়াব প্রাপ্ত হবে। (সুনানে নাসায়ী, হাদিস নং ৪৩৬৫, আবু দাউদ, ২৭৮৯)

এ হাদিসের ভিত্তিতে ফকিহরা বলেন, জিলহজের চাঁদ ওঠার পর থেকে কুরবানিদাতাদের জন্য নখ, চুল, লোম না কাটা মুস্তাহাব। তবে এ হুকুম তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যারা জিলকদের শেষে নখ-চুল কেটেছে। নখ-চুল বেশি লম্বা হয়ে গেলে কেটে ফেলতে হবে।

কাজেই, যাদের এখনও জরুরি ক্ষৌরকর্মের প্রয়োজন রয়েছে, তারা জিলহজের চাঁদ ওঠার আগেই তা সেরে নিন। প্রয়োজন না থাকলে করার দরকার নেই। এর পর ঈদের দিনের অপেক্ষা করুন। সেদিন এই ক্ষৌরকার্য সম্পন্ন করুন। ইনশাআল্লাহ একটি পূর্ণ কুরবানির সওয়াব পাবেন।

এ বছর (২০২৬) ঈদুল আজহা হতে পারে ২৭ বা ২৮ মে। জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হলে বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ ১৮ মে সোমবার সন্ধ্যায় খোঁজা হবে। জিলহজ মাস শুরু হতে পারে ১৯ মে মঙ্গলবার। সে হিসেবে ১০ জিলহজ, ২৮ মে বৃহস্পতিবার দেশে হতে পারে ঈদুল আজহা। 

এর মধ্যে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ২৭ মে ঈদুল আজহা পালনের ঘোষণা দিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পরই যেহেতু সাধারণত বাংলাদেশে ঈদ হয়, সে হিসেবে ২৮ মে দেশে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।

তাই যারা কুরবানি করবে, তাদের জিলকদ মাস শেষ হওয়ার আগেই চুল, গোঁফ, অন্যান্য অযাচিত লোম ও নখ কেটে ফেলতে হবে।