হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে উচ্চগতির ওয়াই-ফাই সেবার উদ্বোধন করা হয়েছে। ফলে এখন থেকে বিমানবন্দর এলাকায় ৩৭ হাজারের বেশি মানুষ একসঙ্গে বিনামূল্যে এই সুবিধা পাবেন।
রোববার (১৭ মে) দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় ডাক টেলিযোগাযোগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর নির্বাচনি ইশতেহারে ঘোষিত ‘সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট’ প্রতিশ্রুতি ছিল। এর আলোকে বিমানবন্দরের সাধারণ যাত্রীদের জন্য উন্নতমানের ডিজিটাল সেবা চালু হলো।
বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এই ফ্রি ওয়াইফাই একসঙ্গে ৩৭ হাজারের বেশি মানুষ ব্যবহার করতে পারবেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এই ওয়াই-ফাই নেটওয়ার্ক বিস্তৃত থাকবে। এর জন্য আধুনিক নেটওয়ার্ক অবকাঠামো স্থাপন করা হয়েছে। যার মধ্যে ২৫০টি অ্যাক্সেস পয়েন্ট, ৪৮ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ও ইথারনেট কেবল স্থাপন ও ৩৭টি অ্যাক্সেস সুইচ রয়েছে।
বিমানবন্দরের টার্মিনাল-১, টার্মিনাল-২, ডোমেস্টিক টার্মিনাল, ভিআইপি টার্মিনাল, ভিভিআইপি টার্মিনাল ও কার পার্কিং এলাকা ফ্রি ওয়াই-ফাইয়ের আওতায় রয়েছে। ফলে বিমানবন্দরের প্রায় সব গুরুত্বপূর্ণ অংশেই যাত্রীরা বিনামূল্যে ইন্টারনেট সেবা পাবেন।
জানা গেছে, প্রতিটি অ্যাক্সেস পয়েন্ট একসঙ্গে সর্বোচ্চ ১৫০ ব্যবহারকারীকে সেবা দিতে সক্ষম। ফলে ২৫০টি অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করে একসঙ্গে ৩৭ হাজারের বেশি ব্যবহারকারী বিনামূল্যে সেবা পাবেন।