জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার কারণে আগামী শনিবার (১৬ মে) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার ধামরাই এলাকার বড় একটি অংশে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। ধামরাই উপকেন্দ্রের ১এ এবং ২বি ফিডারের আওতায় থাকা ধামরাই পৌরসভাসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতে টানা ৯ ঘণ্টা এই শাটডাউন কার্যকর থাকবে।
আজ শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ধামরাই জোনাল কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. জিয়ারুল ইসলাম বিদ্যুৎ সরবরাহ স্থগিত রাখার এই তথ্য নিশ্চিত করেছেন।
জোনাল অফিসের তথ্য অনুযায়ী, শাটডাউনের কারণে ১ নম্বর ফিডারের আওতাভুক্ত ছোট চন্দ্রাইল, বড় চন্দ্রাইল, বউবাজার, নতুন দক্ষিণপাড়া, কমিশনার মোড়, খাতরা, বাসাইল, বাড়িগাঁও (আংশিক), লাড়ুয়াকুন্ডু, কসমস (আংশিক), কুল্লাসহ সংশ্লিষ্ট সব এলাকায় বিদ্যুৎ থাকবে না। একই সাথে ২ নম্বর ফিডারের আওতাভুক্ত ধামরাই বাজার, ধামরাই উপজেলা, পৌরসভা এলাকা, লাকুরিয়াপাড়া, হুজুরিটোলা, বিজয়নগর, যাত্রাবাড়ী, সৈয়দপুর, পাঠানটোলা, পূর্ব কায়েতপাড়া এবং পশ্চিম কায়েতপাড়াসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
সাময়িক এই উন্নয়নমূলক কাজের জন্য গ্রাহকদের অবর্ণনীয় অসুবিধার কথা বিবেচনা করে ধামরাই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং নির্ধারিত সময়ের পর দ্রুত সংযোগ চালুর আশ্বাস দিয়েছে।