কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক বাংলাদেশি দুই যুবককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিজিবি ওই দুই যুবককে রৌমারী থানায় সোপর্দ করে।
শুক্রবার (১৫ মে) রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন, পটুয়াখালী জেলার গলাচিপা থানার দক্ষিণ চর বিশ্বাস গ্রামের আলমগীর কবিরের ছেলে মো. সুজন কবির (৩৫) ও নাটোর জেলার রামনগর গ্রামের আকবর আলীর ছেলে মো. রবিউল ইসলাম রাজু (৩০)।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাংলাবাজার বিওপি এলাকায় বিজিবি ও বিএসএফ-এর মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বাংলাবাজার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. ঠান্ডু মিয়া এবং বিএসএফ-এর পক্ষে নেতৃত্ব দেন ভারতের আসাম রাজ্যের মাইনকারচর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসআই ভাজন সিং। বৈঠক শেষে আন্তর্জাতিক মেইন পিলার ১০৬৫-এর কাছে চর নতুনবন্দর জিরোপয়েন্ট এলাকায় ওই দুই যুবককে বিজিবির কাছে বুঝিয়ে দেওয়া হয়।
পুলিশ ও বিজিবি জানায়, গত ২০ এপ্রিল শেরপুর সীমান্ত দিয়ে সুজন কবির এবং ৩০ এপ্রিল সিলেট সীমান্ত দিয়ে রবিউল ইসলাম রাজু কাজের আশায় অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। গত ৯ মে ভারতের মাইনকারচর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে বিএসএফ-এর মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
রৌমারী থানার ওসি কাওছার আলী জানান, বিজিবি ওই দুই যুবককে থানায় সোপর্দ করার পর তাদের পরিচয় যাচাই-বাছাই করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের সদস্যদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।