জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি নিয়ে দলে বড় ধরনের বিভক্তি দেখা দিয়েছে। কমিটি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মাথায় ‘অযোগ্য ও বিতর্কিত’ ব্যক্তিদের পদায়নের অভিযোগ তুলে একযোগে পদত্যাগ করেছেন ২২ জন নেতা।
শুক্রবার (১৫ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ২২ জন নেতার নাম প্রকাশ করা হয়। সন্ধ্যায় বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক রাফসান জানি রিয়াজ।
এর আগে বৃহস্পতিবার রাতে মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক ও আরিফ মঈনুদ্দীনকে সদস্যসচিব করে ১৬৮ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি অনুমোদনের পরপরই পদত্যাগের এই ঘোষণা আসে।
পদত্যাগকারী নেতাদের অভিযোগ, নতুন কমিটিতে ত্যাগী ও সক্রিয় কর্মীদের মূল্যায়ন করা হয়নি। উল্টো অর্থের বিনিময়ে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন কমিটির সিনিয়র সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম সাঈদ, ডা. মাহতাব উদ্দিন আহমদ এবং দপ্তর সম্পাদক রাফসান জানি রিয়াজ। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক সৈয়দ এহছানুল হক ও কামরুল কায়েসসহ আরও ১৮ জন নেতাকর্মী এই তালিকায় রয়েছেন।
নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক রাফসান জানি রিয়াজ কালবেলাকে বলেন, ‘আদর্শ ও স্বচ্ছ রাজনীতির প্রত্যাশা নিয়ে আমরা এনসিপিতে যুক্ত হয়েছিলাম। কিন্তু নতুন কমিটিতে নারী কেলেঙ্কারিতে জড়িত, সাজাপ্রাপ্ত আসামি এবং রাজনীতি না করা ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে। অথচ রাজপথের কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে।’
তিনি আরও বলেন, আমরা যখন চট্টগ্রামে এনসিপির যাত্রা শুরু করি তখন ব্যানারের পাশে থাকত ২০ থেকে ৩০ জন। এখন সে জায়গায় কয়েক হাজার নেতাকর্মী যুক্ত হয়েছে। কিন্তু শুরুতে যারা ব্যানার ধরত, তাদের মূল্যায়ন করা হয়নি। ৭ তারিখে এনসিপিতে যারা যোগ দিয়েছে, কমিটিতে তাদেরই পদ দেওয়া হয়েছে। আমরা কেন্দ্রে একটি অনাস্থাপত্র ও একটি পদত্যাগ পত্র পাঠিয়েছি। আমাদের অনাস্থা না মানলে পদত্যাগপত্র কার্যকর হয়ে যাবে।
অভিযোগের বিষয়ে নতুন কমিটির আহ্বায়ক মোহাম্মদ শোয়াইব জানান, একটি বড় কমিটিতে সবার প্রত্যাশা পূরণ হওয়া কঠিন। হয়তো কারও পছন্দের ব্যক্তি বাদ পড়ায় এই মনোমালিন্য তৈরি হয়েছে। তবে তাদের জন্য আলোচনার পথ সব সময় খোলা থাকবে।
সদস্যসচিব আরিফ মঈনুদ্দীন জানান, দলের নীতির বাইরে কোনো সিদ্ধান্ত হয়নি। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সঠিক নয়। পদত্যাগকারীরা ভুল বুঝতে পেরে আবার ফিরে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন।