Image description

দেশে ও বিদেশে ভাইরাল হওয়া মহিষ ডোনাল্ড ট্রাম্প এখন আলোচিত আন্তর্জাতিক গণমাধ্যমেও। ভাইরাল হওয়া মহিষ ডোনাল্ড ট্রাম্পকে দেখার আগ্রহ প্রকাশ করেছেন আসল ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি! খবরটি অবাক করার মতো মনে হলেও আসলেই তাই।

মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প, ওজন ৭০০ কেজি। দেশীয় গণমাধ্যমে প্রচারিত খবরটি ভাইরাল হওয়ার পর আমেরিকান দূতাবাসের কর্মকর্তারা আলোচিত গোলাপী মহিষটিকে দেখতে আসার আগ্রহ প্রকাশ করেছেন।

জানা গেছে, মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন উন্মাদনা থামছেই না। গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে খবর প্রকাশিত হলেই তাতে হুমড়ি খাচ্ছে নেটিজেনরা।

এছাড়াও প্রতিদিনই নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মে গোলাপী কালারের এলভিনো জাতের মহিষটিকে স্বচক্ষে দেখতে ভীড় জমাচ্ছেন শত শত মানুষ। রাজধানী ঢাকা ও আশেপাশের জেলা থেকেও অনেকে আসছেন। শিশু কিশোরর যুবকরাই নন অনেক নারীরাও আসছেন মহিষ ডোনাল্ড ট্রাম্পকে একনজর দেখতে। সকাল থেকে বিকেল অবধি ডোনাল্ড ট্রাম্প এখন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে প্রথম সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে দেশের প্রায় সবগুলো গণমাধ্যমেও আলোচিত ছিল ডোনাল্ড ট্রাম্প।

এছাড়াও আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমেও নানা শিরোনাম বা ফটোকার্ড হয়েছে মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। বিশেষ করে ইরান ও পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে আসল ডোনাল্ড ট্রাম্প এর সঙ্গে গোলাপী মহিষটির ছবি দিয়ে ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়েছে।
মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সংবাদ ভাইরাল হওয়ার পরে আমেরিকান দূতাবাসের একজন কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে ডোনাল্ড ট্রাম্পকে দেখতে আসার আগ্রহ প্রকাশ করেছেন। ৭০০ কেজি ওজনের ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ৫৫০ টাকা কেজি দরে কিনেছেন রাজধানীর পুরান ঢাকার এক ক্রেতা। ঈদের আগে রাজধানীতে যাবে ভাইরাল এই ডোনাল্ড ট্রাম্প।

দর্শনার্থীরা জানান, মহিষ ডোনাল্ড ট্রাম্প শুধু দেশেই নয় আন্তর্জাতিকভাবেও আলোচিত হয়েছে। বিষয়টি তাদের কাছে অনেক গর্বের। মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতোই। মহিষটিকে দেখতে পেরে তাদের অনেক ভাল লেগেছে।

ফার্মের একজন কর্মচারী জানান, মহিষ ডোনাল্ড ট্রাম্প দেশে বিদেশে আলোচিত হওয়ায় তারা আনন্দিত। দর্শনার্থীদের ভীড় বেড়ে যাওয়া তাদের সামলাতে গিয়ে তাদের বেগ পেতে হলেও তারা এতে কিছু মনে করছেন না। জেলার বাহিরের থেকেও অনেক দর্শক ডোনাল্ড ট্রাম্পকে দেখতে আসছেন।

রাবেয়া এগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, এলভিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্প যে এতটা ভাইরাল ও জনপ্রিয় হবে সেটা তার কল্পনাতেও ছিল না। সবই আল্লাহর ইচ্ছা।

তিনি আরও জানান, এটি শুধু দেশে নয় বিদেশেও বেশ আলোচিত হয়েছে। বিদেশ থেকেও তার কাছে অনেক কল এসেছে। এই মহিষ ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে নারায়ণগঞ্জের কথা, তার ফার্মের কথা বিশ্ববাসী জেনেছে। এটি তার কাছে আনন্দের। প্রতিদিন শত শত মানুষ আসছে। বরিশাল, সাভারসহ বিভিন্ন জেলা থেকে মানুষ আসছে মহিষ ডোনাল্ড ট্রাম্পকে দেখতে। নারায়ণগঞ্জ প্রাণিসম্পদ অধিদপ্তরের একজন কর্মকর্তা আমাকে কল দিয়ে জানিয়েছেন তাকে নাকি আমেরিকান দূতাবাস থেকে কল দেয়া হয়েছিল। তারা পজেটিভলি ফার্মটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন। তারা যেকোনদিন আমার ফার্মে আসতে পারে বলে জানিয়েছেন।

নারায়ণগঞ্জ সদর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইউনুস আলী জানান, আমেরিকান দূতাবাস থেকে তার কাছে একজন কর্মকর্তা কল করেছিলেন। ভাইরাল হওয়া ওই মহিষটি রাবেয়া এগ্রো ফার্মে রয়েছে কিনা সেটা তিনি জানতে চেয়েছেন। তারা বিষয়টিকে পজেটিভলি নিয়েছেন। তারা ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্পকে দেখার আগ্রহ প্রকাশ করেছেন। তবে তারা কবে নাগাদ আসবেন সে বিষয়টি নিশ্চিত করেননি।

শীর্ষনিউজ