Image description

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মর্তুজাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। জুবায়েদ আহসান নামের এক ব্যক্তির লেখার বরাতে বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে তিনি ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ টেনে মাশরাফীর রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

পোস্টে সারজিস আলম লেখেন, 'ডিয়ার মাশরাফী, ২০১৮ সালের নির্বাচনে নড়াইল-২ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ১৭ হাজার ৮৪৪ জন। এর মধ্যে ভোট পড়েছিল ২ লাখ ৭৯ হাজার ৭০২টি, যা মোট ভোটের প্রায় ৮৮ শতাংশ। ওই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মাশরাফী বিন মর্তুজা পেয়েছিলেন ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান পান ৭ হাজার ৮৮৩ ভোট।'

এই ফলাফল উল্লেখ করে সারজিস লেখেন, যেদিন আপনি এই স্যার ডন ব্র্যাডম্যান মার্কা রেকর্ড ভোট নিয়ে হাসিমুখে এমপি হয়েছিলেন, নড়াইলের বাইরে নিজের কবর আপনি সেদিন নিজেই খুঁড়েছিলেন ভাই। তিনি আরও লেখেন, মাশরাফী চাইলে ২০২৪ সালের নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারতেন। কিন্তু তিনি তা না করে আবারও নির্বাচন করেছেন এবং পরে হুইপের পদও নিয়েছেন।

পোস্টে সারজিস আলম আরও লেখেন, সারাজীবন ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে দাঁড়ানো আপনি যখন নিজেই ভোট ফিক্সিং-এর লোভে পড়েছিলেন, সেদিনই আসলে নড়াইল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে গিয়েছিল। পোস্টের শেষাংশে তিনি লেখেন, 'স্যরি, ভাই।'

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত মাশরাফী বিন মর্তুজার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শীর্ষনিউজ/