Image description

গাজীপুরের ধীরাশ্রম রেলস্টেশন এলাকায় টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের একজন মো. নাঈম, তিনি কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকার নোমান উদ্দিনের ছেলে। তিনি ধীরাশ্রম এলাকায় খালার বাসায় থেকে স্থানীয় জিকে উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী হিসেবে পড়াশোনা করতেন। 

 

অপরজন তার বন্ধু বলে স্থানীয়দের ধারণা। তবে দুর্ঘটনায় দ্বিতীয় জনের শরীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, রাত আনুমানিক ৮টার দিকে জরুরি কাজের কথা বলে মোবাইল ফোন নিয়ে বাসা থেকে বের হন নাঈম। পরে স্থানীয়দের মাধ্যমে তারা দুর্ঘটনার খবর পান। ঘটনাস্থলে গিয়ে স্বজনরা নাঈমের মরদেহ শনাক্ত করেন।

দুর্ঘটনার খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।