যুক্তরাজ্যের লন্ডনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচনে স্টেপনি গ্রিন ওয়ার্ড থেকে টানা চতুর্থবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা আক্তার। তার এই সাফল্যকে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে।
শনিবার (৯ মে) ঘোষিত ফলাফলে দেখা যায়, অ্যাসপায়ার পার্টির প্রার্থী সাবিনা আক্তার ১ হাজার ৯৪০ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেন।
এর আগে তিনি ২০১৭ সালে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী স্পিকার নির্বাচিত হয়ে আলোচনায় আসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবিনা আক্তার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের মাধবপুর ওসমানপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সমাজসেবক ফারুক উদ্দিন সুন্দরের কন্যা।
বর্তমানে তিনি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্টেপনি গ্রিন ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কাউন্সিলের স্বাস্থ্য, জনকল্যাণ ও প্রাপ্তবয়স্কদের সামাজিক সেবাবিষয়ক ক্যাবিনেট সদস্য হিসেবেও দায়িত্বে রয়েছেন।
রাজনৈতিক জীবনে সাবিনা আক্তার দীর্ঘদিন লেবার পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। প্রায় ২০ বছর ওই দলে সক্রিয় থেকে তিনি টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপের ডেপুটি লিডার হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের জুনে দলীয় নীতি নিয়ে মতপার্থক্যের কারণে তিনি লেবার পার্টি থেকে পদত্যাগ করেন ও পরবর্তীতে অ্যাসপায়ার পার্টিতে যোগ দেন।
প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসা সাবিনা আক্তার বিশেষ করে প্রবীণদের সামাজিক সেবা, একাকীত্ব দূরীকরণ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে জানা গেছে।
টানা চতুর্থবারের এই জয়কে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে চলছে প্রশংসা ও অভিনন্দনের জোয়ার।