পেশার মর্যাদা রক্ষা এবং ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে দিনাজপুরের হিলিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় হিলি চারমাথা মোড়ে হাকিমপুর উপজেলা ফরিয়া সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বিভিন্ন ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন। এ সময় তারা পেশাগত সম্মান ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা সবসময় মানুষের পাশে থেকে সেবা দিয়ে আসছেন। নিজেদের ‘দালাল’ হিসেবে আখ্যায়িত না করার আহ্বান জানিয়ে তারা মন্তব্য করেন, “আমরা দালাল নই, আমরাও মানুষ।”
তাদের ভাষ্য, পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।