Image description

চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে দিনাজপুর শহরের ইকবাল উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রশ্নপত্রের সেট পরিবর্তন করে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দীন।

 

দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, রোববার (১০ মে) পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা ছিল। বোর্ডের নির্দেশনা মোতাবেক আজকে ১ নম্বর সেটে পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। বোর্ডের অধীনস্ত সবকটি কেন্দ্রে ১ নম্বর সেটে পরীক্ষা নেওয়া হলেও ইকবাল উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৩ নম্বর সেটে পরীক্ষা নেওয়া হয়। পুরো তিন ঘণ্টা পরীক্ষা নেওয়া হলেও বিষয়টি কারও নজরে আসেনি।

 

পরীক্ষা শেষে খাতা মেলানোর সময় বিষয়টি নজরে এলে কেন্দ্র সচিব ও ইকবাল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিমা সুলতানা তাৎক্ষণিক বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) বিষয়টি জানান। তবে সৃজনশীল বিষয়ে সেট ৩-এ পরীক্ষা নেওয়া হলেও এমসিকিউ প্রশ্নপত্র সেট ১-এ নেওয়া হয়েছে বলে জানান কেন্দ্র সচিব।

 

দিনাজপুরের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দীন বিষয়টি জানার পর জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে বিষয়টিকে প্রশাসনিক গাফিলতি হিসেবে বিবেচনা করে ওই কেন্দ্রের কেন্দ্র সচিব সেলিমা সুলতানা এবং ট্যাগ অফিসার সদর উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (এআরডিও) মো. আনারুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

 
 

 

কেন্দ্র সচিব ও ইকবাল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিমা সুলতানা বলেন, পরীক্ষার পর খাতা গোছানোর সময় বিষয়টি নজরে আসে। আমরা তাৎক্ষণিক বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে জানাই। তিনি খাতাগুলো আলাদাভাবে জমা দিতে বলেছেন। আমরা সেভাবেই আলাদা করে বোর্ডে খাতাগুলো জমা দিয়েছি।

 

ওই কেন্দ্রের ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা সদর উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আনারুল ইসলাম বলেন, আমাদের দায়িত্ব হলো ডিসি অফিস থেকে প্রশ্নপত্র আসলে সেগুলো বুঝে নিয়ে কেন্দ্র পর্যন্ত পৌঁছে দেওয়া। কোন সেটে পরীক্ষা হবে এ সংক্রান্ত কোনো বার্তা আমাদের কাছে আসে না, কেন্দ্র সচিবের কাছে আসে। কেন্দ্র সচিব এবং কেন্দ্রের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট এই বিষয়গুলো দেখভাল করেন।

 

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দীন বলেন, বিষয়টি জানার পরে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না। ওই খাতাগুলো ওই সেটের প্রশ্ন দিয়েই আলাভাবে মূল্যায়ন করা হবে।

 

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান বলেন, এ বিষয়ে বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। ইতোমধ্যে কেন্দ্র সচিব এবং ট্যাগ অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

 

তিনি বলেন, এ বিষয়টি শিক্ষার্থীদের ফলাফলে কোনো প্রভাব ফেলবে না। ওই খাতাগুলো আলাদাভাবে ওই সেটের প্রশ্ন দিয়ে আলাদা শিক্ষক দিয়ে মূল্যায়ন করা হবে।