Image description

চট্টগ্রামে এক সাংবাদিকের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক বিপ্লব দে পার্থ।

জিডিতে উল্লেখ করা হয়েছে, একটি বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল ও ভয়ভীতি প্রদর্শন করে অডিও বার্তা পাঠানো হয়। সেখানে ২৪ ঘণ্টার মধ্যে টাকা না দিলে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, নিজেকে ‘ডেভিড ইমন’ পরিচয় দেওয়া এক ব্যক্তি গতকাল শনিবার বিকেলে এই হুমকি দেন। তিনি কথিতভাবে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ সহযোগী বলে দাবি করেছেন।

সাংবাদিক বিপ্লব দে বর্তমানে একটি বেসরকারি টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরোতে কর্মরত। পাশাপাশি তিনি জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির দায়িত্বেও রয়েছেন।

হুমকিদাতা পাঠানো এক অডিও বার্তায় বলেন, “এত গুলি করবো যে পরিবারও গুনে শেষ করতে পারবে না।” এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণের আলটিমেটামও দেওয়া হয়।

বিপ্লব দে গণমাধ্যমকে জানান, প্রথমে তাকে ফোন করে টাকা দাবি করা হয়। পরে হোয়াটসঅ্যাপে ভয়ভীতি দেখিয়ে অডিও বার্তা পাঠানো হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, ঘটনায় জিডি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, মোবারক হোসেন ওরফে ইমন চট্টগ্রামের বিভিন্ন হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির মামলার আসামি। তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, চট্টগ্রামের একটি সংঘবদ্ধ অপরাধচক্রের হয়ে ইমন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে।

শীর্ষনিউজ