যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) এর দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যা মামলায় অভিযুক্ত হিশাম আবুঘারবিয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে গ্র্যান্ড জুরি।
অভিযুক্তের বিরুদ্ধে দুটি প্রথম ডিগ্রির হত্যাসহ আনা হয়েছে মোট সাতটি অভিযোগ। আবুঘারবিয়ের নামে আদালতে মৃত্যুদণ্ড চাইবে স্টেট অ্যাটর্নির কার্যালয়। এ তথ্য জানিয়েছে স্থানীয় ফক্স ১৩ নিউজ।
বৃহস্পতিবারর আবুঘারবিয়ের বিরুদ্ধে দুটি প্রথম ডিগ্রির হত্যা, আলামত নষ্ট, অনুমোদনহীনভাবে মরদেহ সরানো বা গোপন রাখার দুটি অভিযোগ এবং মৃত্যু গোপন করার দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।
নিহত দুই শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও জামিল লিমন ছিলেন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী। তাদের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায় গত ১৭ এপ্রিল।
পরে গত শুক্রবার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে উদ্ধার করা হয় জামিল লিমনের মরদেহ। রবিবার পানিতে পাওয়া যায় আরও একটি মরদেহ, যা পরে নাহিদা বৃষ্টির বলে হয় শনাক্ত।
এ ঘটনায় গ্রেপ্তার করা হয় লিমনের রুমমেট হিশাম আবুঘারবিয়েকে। বর্তমানে জামিন ছাড়া কারাগারে আছেন তিনি। তার আদালতে হাজিরার দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ মে।
হিলসবরো কাউন্টির স্টেট অ্যাটর্নি সুজি লোপেজ এক বিবৃতিতে উল্লেখ করেন, কমিউনিটিকে নাড়িয়ে দিয়েছে এই মর্মান্তিক ঘটনা। দুই পরিবারের জন্য তৈরি করেছে অপূরণীয় ক্ষতি।
তার ভাষ্য, বাংলাদেশ থেকে উচ্চশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আসা দুই শিক্ষার্থীর জীবন থেমে গেছে ভয়াবহ সহিংসতায়। তাদের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে মৃত্যুদণ্ডের আবেদন করবে প্রসিকিউশন।
এদিকে, নাহিদা বৃষ্টি ও জামিল লিমনকে মরণোত্তর ডিগ্রি দিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। ৮ মে অনুষ্ঠিত সমাবর্তনে তাদের স্মরণে খালি রাখা হয় দুটি চেয়ার।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে তারা। পাশাপাশি বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের সহযোগিতায় পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা অব্যাহত আছে।