চট্টগ্রামের মিরসরাই উপজেলায় আলোচিত ছাত্রদল নেতা হৃদয় হত্যা মামলার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (৬ মে) রাত ৯টার দিকে উপজেলার করেরহাট এলাকায় অভিযান চালিয়ে দুইজন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার করেরহাট ইউনিয়নের বদ্দঘেরামারা এলাকায় মো. রায়হান হোসেন (২৩) এবং একই ইউনিয়নের ইসলামপুর ভবানী এলাকার মো. হানিফ (২২)।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তীতে তারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল (শনিবার) উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা এলাকায় ভারতীয় সীমান্তে অবৈধ পথে আসা গরু ব্যবসায়ীদের হামলায় ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় গুরুতর আহত হন এবং ৫ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) মারা যান। তিনি করেরহাট ইউনিয়নের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।