ঢাকার ধামরাইয়ে বাসভাড়া নিয়ে তর্কের জেরে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সাভার সরকারি কলেজের শিক্ষার্থীরা ১১টি সেলফি পরিবহনের বাস আটক করেছেন।
বুধবার (৬ মে) বিকেল থেকে অর্ধশতাধিক শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসের ভেতরে বাসগুলো আটকে রাখেন।
মারধরের ঘটনায় ইমন নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তিনি কলেজটির চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এছাড়া আরও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
শিক্ষার্থীদের ভাষ্য, চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা চলায় তারা সাভার থেকে ধামরাই যাওয়ার জন্য বাসে উঠেছিলেন। এ সময় ভাড়া নিয়ে কন্ডাক্টরের সঙ্গে তর্ক বাধে। একপর্যায়ে কন্ডাক্টর ইমনসহ কয়েকজনকে মারধর করে চলন্ত বাস থেকে ফেলে দেয় বলে অভিযোগ করা হয়।
পরে সহপাঠীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ মোল্লা বলেন, ভাড়া নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং একজনের অবস্থা গুরুতর। পরিস্থিতি শান্ত করতে এবং সমস্যার সমাধানে কাজ করা হচ্ছে।
ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
শীর্ষনিউজ