Image description

চলতি বছরের জুলাই মাসের মধ্যে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়া এবং গণিতের মৌলিক চার নিয়ম (যোগ, বিয়োগ, গুণ ও ভাগ) আয়ত্ত নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে ছাত্র-ছাত্রীদের শতভাগ নির্ভুলভাবে এসব দক্ষতা অর্জনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

সম্প্রতি দেশের সব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে দুই দফা ভার্চুয়াল বৈঠকে এই কঠোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন। সচিবের এই নির্দেশনা বাস্তবায়নে ইতোমধ্যে জেলা শিক্ষা কর্মকর্তারা স্ব স্ব এলাকার প্রধান ও সহকারী শিক্ষকদের দাপ্তরিক চিঠি পাঠাতে শুরু করেছেন।

মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, আগামী জুন মাসের মধ্যে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি পাঠ এবং গণিতে ৯০ শতাংশ দক্ষতা নিশ্চিত করতে হবে। পরবর্তী মাস অর্থাৎ জুলাইয়ের মধ্যে এই অগ্রগতির হার উন্নীত করতে হবে ১০০ শতাংশে।

শিক্ষকদের জন্য বিশেষ নির্দেশনা ও সতর্কতা
শিক্ষার্থীদের মানোন্নয়নে শিক্ষকদের জন্য বেশ কিছু সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হলো— তৃতীয় শ্রেণির বাংলা এবং পঞ্চম শ্রেণির ইংরেজি পাঠ্যবই থেকে প্রতিদিন অন্তত ৫ পৃষ্ঠা জোরে শব্দ করে পড়াতে হবে, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পাঠের পাশাপাশি যোগ, বিয়োগ, গুণ ও ভাগ শেখানোর ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এ ছাড়া কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে প্রতিটি বিদ্যালয়কে বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং তা আগামী ১০ মের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠাতে হবে।

একজন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গণমাধ্যমকে জানান, প্রাথমিক ও গণমিক্ষা সচিবের নির্দেশনা অনুযায়ী তারা শিক্ষকদের সতর্ক করে চিঠি দিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীরা পড়তে না পারলে শিক্ষকরা বেতন-ভাতা পাবেন না— এমন বার্তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন গণমাধ্যমকে বলেন, বর্তমান সরকারের শিক্ষা লক্ষ্যমাত্রা বাস্তবায়নে শিক্ষার্থীদের পঠন দক্ষতা নিশ্চিত করা অপরিহার্য। এই লক্ষ্য অর্জনে জেলা শিক্ষা কর্মকর্তাদের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।