Image description

‘জামায়াতের এমপি শফিকুল ইসলাম মাসুদের এলাকায় দুই কোটি টাকায় দুই টয়লেট’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।

 

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানেএখানেএখানে এবং এখানে

 

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দেখা গেছে, দাবিটি বিভ্রান্তিকরভাবে প্রচার হচ্ছে।

 

ফেসবুকে বেশ কয়েকটি পেজ এবং প্রোফাইল থেকে একই দাবিতে একাধিক ধরনের ফটোকার্ড পোস্ট করতে দেখা গেছে। তবে যাচাই করে দেখা গেছে, ফ্রিডম বাংলা নিউজ নামে একটি পেজ থেকে সর্বপ্রথম (৫ মে রাত ১২ টা ৭ মিনিটে) পোস্ট করা হয়। এতে আলোচিত টয়লেটটির সামনে শফিকুল ইসলাম মাসুদের ছবি ব্যবহার করে নিচের অংশে শিরোনামটি বসানো হয়েছে। পোস্টটিতে আড়াই হাজারের কাছাকাছি প্রতিক্রিয়ার পাশাপাশি হাজারের বেশি শেয়ার হতে দেখা গেছে। এ ছাড়াও পোস্টটিতে ৫ শতাধিক মন্তব্য পড়েছে।

 

তবে প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে সংবাদমাধ্যমে এ সম্পর্কিত বেশকিছু সংবাদ পাওয়া যায়। প্রকাশিত সংবাদ সূত্রে জানা গেছে, পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় নবনির্মিত টয়লেটটির নামফলকে নির্মাণ ব্যয় সংক্রান্ত তথ্য ভুলভাবে লেখা হয়েছে। বাউফল উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত প্রকল্পটির প্রকৃত ব্যয় ছিল ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ দশমিক ৯৩ টাকা। তবে নামফলক প্রস্তুতের সময় ভুল তথ্য ছাপা হয়।

 

এ ছাড়াও নামফলকটিতেই এর অর্থবছর হিসেবে লেখা হয়েছে, ২০২৪-২০২৫। অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এবং নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন ১৭ ফেব্রুয়ারিতে। সে হিসেবে ঘটনাটির সঙ্গে উল্লিখিত এলাকার সংসদ সদস্যের সম্পর্ক থাকার সুযোগ নেই।

 

অর্থাৎ, ‘জামায়াতের এমপি শফিকুল ইসলাম মাসুদের এলাকায় দুই কোটি টাকায় দুই টয়লেট’ শিরোনামে প্রচারিত দাবিটি বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।