রাজধানীর সড়কে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যানজটের মধ্যে ভিভিআইপি প্রটোকল ভেঙে নিজের গাড়িবহর থামিয়ে অসুস্থ রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সকে আগে যাওয়ার সুযোগ করে দিয়েছেন তিনি।
বুধবার (৬ মে) সকালে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা কর্মকর্তাদের সূত্রে জানা যায়, আজ সকাল ৯টার আগে সচিবালয়ে নিজ কার্যালয়ে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী। যখন তার গাড়িবহর বনানী এক্সপ্রেসওয়ে হয়ে কারওয়ান বাজার এফডিসি মোড়ের দিকে যাচ্ছিল, তখন পেছনে একটি অ্যাম্বুলেন্সকে সাইরেন বাজাতে দেখেন তিনি।
জরুরি চিকিৎসাসেবার গাড়িটি যানজটে আটকে আছে বুঝতে পারেন প্রধানমন্ত্রী। এ সময় তার নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সটিকে আগে যাওয়ার পথ করে দিতে।
প্রধানমন্ত্রীর এমন নির্দেশ পেয়ে প্রটোকল ভেঙে নিরাপত্তাকর্মীরা অ্যাম্বুলেন্সটিকে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দেন। পরে সেটি পার হয়ে চলে যায়।
সাধারণত সড়কে ভিভিআইপি চলাচলের সময় সাধারণ যানবাহন আটকে রাখা দীর্ঘদিনের রীতি। কিন্তু তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর থেকেই রাজধানীর সড়কে এমন মানবিক বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছেন।
আজকের ঘটনাটিকে সাধারণ মানুষের প্রতি সরকারপ্রধানের দায়িত্ববোধ ও সহমর্মিতার বার্তা হিসেবে দেখছেন নগরবাসী। তারা বলছেন, রাষ্ট্রপ্রধানের এমন মানবিক আচরণ সাধারণ মানুষের মনে এক নতুন আশার সঞ্চার করেছে।