Image description

দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। তিনি বলেন, সামরিক ও অসামরিক বাহিনী একসঙ্গে কাজ করলে যে কোনো কঠিন কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব, এই নির্বাচন তার বড় প্রমাণ।

 

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

সেনাপ্রধান বলেন, ‘আমি আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জাতিকে একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন। আমরা পাশে ছিলাম, কিন্তু নির্বাচন আয়োজনের দায়িত্ব পুরোপুরি আপনাদের ওপরই ছিল।’

 

‘এটি ছোট কোনো অর্জন নয়’ উল্লেখ করে সেনাপ্রধান বলেন, ‘একসময় দেশে আশা-নিরাশার পরিস্থিতি তৈরি হয়েছিল। অনেকেই বলেছিলেন, নির্বাচন হবে না। কিন্তু আমরা সেটিকে ভুল প্রমাণ করেছি, দেশ ও জাতিকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে এনেছি।’

 

 

জেলা প্রশাসকদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, ‘যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা চাইলে তা দ্রুত পাওয়া যাবে। সংশ্লিষ্ট সেনা ফরমেশনকে জানালে তারা তাৎক্ষণিকভাবে সহযোগিতা করবে। যেকোনো দুর্যোগ, দুর্ঘটনা বা অন্য যেকোনো পরিস্থিতিতেই আপনাদের সহযোগিতা করতে তারা প্রস্তুত।’

 

সম্মেলনের আগে নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা বক্তব্য দেন।