Image description

রাঙামাটির লংগদু উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তার ঘুষ নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় উপজেলা এলজিইডি কর্মকর্তা নিজ কক্ষে বসে ঠিকাদারের সঙ্গে টাকার বিষয়ে কথা বলছেন।

 

ঠিকাদারকে বলতে শুনা যায়, ৯৫০ টাকা নাস্তার বিল, আপনাদের সব গাড়ি ভাড়া আমাকে দিতে হয়েছে, দুটি গাড়ি ভাড়া ৮০০ টাকা, আমার ৬০০ টাকা। সব মিলে ৫ হাজার টাকার ওপর খরচ হয়েছে। আমার ২ লাখ টাকার কাজে ৬ জায়গায় টাকা দিতে হচ্ছে।

মঙ্গলবার (৫ মে) ভাইরাল ভিডিও'র বিষয়ে উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. সামশুল আলম জানান, ঠিকাদারের বিভিন্ন সাইট পরিদর্শনে গিয়েছিলাম। সেই গাড়ি ভাড়া দিয়েছেন তিনি। অন্য কিছু না। তিনি আরও জানান, ঠিকাদার বিভিন্ন কাজের সাইট পরিদর্শনে নিয়ে গেছেন। যাওয়া-আসার যে গাড়ি ভাড়া হয়েছে, এটি ওনি আমাকে দিয়েছেন।

রাঙামাটি নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) আহম্মদ শফি জানান, আমি বিষয়টি জানি না। আমার কাছে এমন কোন অভিযোগ নাই। তাই এ বিষয়ে কোন মন্তব্য করতে চাই না।