জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আয়োজিত অষ্টম ইনডোর গেমসের ক্যারাম টুর্নামেন্টে ক্রীড়া সম্পাদককে থাপ্পড় দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী সাদিয়া সুলতানা নেলীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ (৩ মে) বিশ্ববিদ্যালয় প্রশাসন এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে।
গত ২৯ এপ্রিল দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় ক্যারাম ইভেন্টের ফাইনাল খেলা চলাকালে এ ঘটনা ঘটে। এ সময় জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমের সঙ্গে খেলোয়াড় সাদিয়া সুলতানা নেলীর বাগবিতণ্ডা হয় ও একপর্যায়ে নেলী তাকে থাপ্পড় দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফাইনাল খেলায় নিয়ম ভঙ্গের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। পরে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি থেকে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হলে উপস্থিতরা তাদের সরিয়ে নেন।
ঘটনার পর সাদিয়া সুলতানা নেলী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে থাপ্পড় দেওয়ার বিষয়টি স্বীকার করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, খেলায় স্বজনপ্রীতি করা হয়েছে এবং ক্রীড়া সম্পাদক পক্ষপাতিত্ব করেছেন।
নেলীর দাবি, ডুয়েল গেমসে একই বিভাগের দুই খেলোয়াড় থাকার নিয়ম থাকলেও প্রতিপক্ষ দল তা মানেনি। বিষয়টি জানানো হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গৌতম কুমার অভিযুক্ত দলকে বহিষ্কার করে তাদের দলকে বিজয়ী ঘোষণা করেন। তবে ক্রীড়া সম্পাদক সেই সিদ্ধান্ত মানেননি ও অভিযুক্তদের পক্ষ নিয়েছেন বলেও তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শৃঙ্খলা ভঙ্গের দায়ে নেলীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজিত অষ্টম ইনডোর গেমস প্রতিযোগিতার ক্যারাম ইভেন্টের ফাইনালে এ ঘটনা ঘটে।