Image description

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জুলাইয়ের পরিচিতমুখসহ বিভিন্ন পর্যায়ের নাগরিকরা। এরই ধারাবাহিকতায় দলটিতে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর পুত্র ড. মোহাম্মদ নাদিমুর রহমান, হাজী শরিয়্তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইনসহ অনেকে। 

এনসিপি সূত্র বলছে, দলীয় শক্তি বৃদ্ধির লক্ষ্যে জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জুলাইয়ের পরিচিত মুখ, জুলাই সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সঙ্গে যোগাযোগ করছে দলটির নেতারা। এর অংশ হিসেবে দলটির কেন্দ্র ও তৃণমূলে যোগদানের হিড়িক পড়েছে। আগামীতেও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এনসিপিতে যোগদান করতে যাচ্ছেন। 

জানা গেছে, জুলাই ওয়ারিয়র্সের প্রায় ৪ হাজার আহত জুলাই যোদ্ধা যোগ দিচ্ছেন এনসিপিতে। এছাড়া আপ বাংলাদেশের সারাদেশের প্রায় ৫ হাজার নেতাকর্মী এনসিপিতে যোগ দিবেন। 

জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে মোহাম্মদ নাদিমুর রহমান বর্তমানে তুরস্কের নিগদের ওমর হালিসদেমির বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। এরআগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিকবার এনসিপির পক্ষে প্রচারণা চালান তিনি।

গত ১৯ এপ্রিল আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, সাবেক মুখ্য সমন্বয়ক রফে সালমান রিফাত, মুখপাত্র শাহরিন সুলতানা ইরা, এবি পার্টির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আবদুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য সাবেক সভাপতি রিফাত রশিদ, সাবেক মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনসহ বিভিন্ন সংগঠনের প্রায় ৪৫ জন এনসিপিতে যোগদেন। 

এরপর গত ২৪ এপ্রিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল (ফ্লোরা), কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, এক্টিভিস্ট মহিউদ্দিন রনিওনসিপিতে যোগ দিয়েছেন।