Image description

ব্রাহ্মণবাড়িয়ায় জালিয়াতি করে ভুয়া জন্ম ও মৃত্যুর নিবন্ধন সনদ তৈরির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. আবু সাঈদ।

 

তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কারের পৃথক প্রজ্ঞাপন বুধবার আমরা পেয়েছি।

 

সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যানরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন, বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক ইসলাম ও আশুগঞ্জ উপজেলার চর-চারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুর রহমান।

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কেন তাদেরকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে পত্র প্রাপ্তির দিন থেকে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

 

এ বিষয়ে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শরিফুল ইসলাম বলেন, চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।