Image description

কুড়িগ্রাম সদর উপজেলায় পরিমাপে কম তেল দেওয়ায় আর.আর ফিলিং স্টেশনকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার পাটেশ্বরী এলাকায় অবস্থিত ফিলিং স্টেশনটিতে অভিযান চালায় জেলা প্রশাসন।

 

অভিযারে জ্বালানি তেলের ওজন, পরিমাপ ও মজুতসংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করা হয়। এ সময় দেখা যায়, প্রতি ১০ লিটার পেট্রোলে ৩৫২ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ৫০ মিলিলিটার কম সরবরাহ করা হচ্ছিল।

 

এ ছাড়া ফিলিং স্টেশনের ট্যাংকের কোনো বৈধ ক্যালিব্রেশন চার্ট পাওয়া যায়নি। ব্যবহৃত ট্রাক ওয়েব্রিজেরও কোনো ভেরিফিকেশন সনদ ছিল না। অগ্নিনির্বাপক যন্ত্রপাতি মেয়াদোত্তীর্ণ অবস্থায় পাওয়া যায়।

 

 

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন।

 

তিনি জানান, বিভিন্ন অপরাধের প্রেক্ষিতে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর বিভিন্ন ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।

 

তিনি আরও জানান, অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারি বিধি অনুযায়ী সঠিক পরিমাপে জ্বালানি তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুত বিএসটিআই রংপুর কার্যালয় থেকে প্রয়োজনীয় ভেরিফিকেশন সনদ নেওয়ার জন্য বলা হয়েছে।

 

এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের প্রকৌশলী তাহাজিবুল ইসলাম ও প্রকৌশলী তাদমিরা শারমিন।