নিজ বাড়ির আঙিনার মতো পুরো ঢাকা শহরকেও পরিচ্ছন্ন ও সবুজে সুশোভিত করে সাজিয়ে তুলতে চান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতাই পারে ঢাকাকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’তে রূপান্তর করতে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়কের মিডিয়ান ও ফুটপাতে সৌন্দর্যবর্ধন কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়ার স্বপ্নের অংশ হিসেবে এই সড়কটিকে একটি ‘আইডিয়াল ও মডেল রাস্তা’ হিসেবে গড়ে তোলা হচ্ছে।
ফুটপাত দখল ও গাছ নষ্ট হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘সিটি করপোরেশন বা পুলিশের পক্ষে সার্বক্ষণিক পাহারা দেওয়া সম্ভব নয়। আমরা একদিকে গাছ লাগাব আর অন্য কেউ তা ছিঁড়ে ফেলবে—এমনটি হলে সুফল আসবে না।
আগামী দিনের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, এক মাসের মধ্যে বর্তমান প্রকল্পের কাজ সম্পন্ন হবে। পরবর্তী ধাপে ধানমন্ডি আবাসিক এলাকা ও লেক-কেন্দ্রিক নান্দনিক পরিবেশ গড়ে তোলা হবে।
প্রশাসক ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তর করতে সকল স্তরের নগরবাসীর সক্রিয় সহযোগিতা কামনা করেন।