মাস্টার্স পরীক্ষা শেষ হতেই কলেজ প্রশাসনের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে হল ছাড়লেন ঢাকা কলেজ ছাত্রশিবিরের নেতা মো. তাওহীদুল ইসলাম। একইসঙ্গে অবৈধ শিক্ষার্থীদের হল ছেড়ে নবীন শিক্ষার্থীদের জন্য হলে সিট বরাদ্দের আহ্বান জানান তিনি।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব দাবি জানান কলেজটির শাখা ছাত্রশিবিরের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক তাওহীদুল ইসলাম।
পোস্টে তাওহীদুল ইসলাম জানান, তিনি ঢাকা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে ২০২৬ সালে অনুষ্ঠিত (২০২৪ সেশনের) মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, যা ভাইভা গত ১৭ এপ্রিল সম্পন্ন হয়েছে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি কলেজের সাউথ হলের ১১৪ নম্বর কক্ষে আবাসিক শিক্ষার্থী হিসেবে অবস্থান করছিলেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, সাধারণত হলের আসন বরাদ্দ ও বাতিল জুলাই-জুন অর্থবছর অনুযায়ী হয়ে থাকে। তবে বিশেষ পরিস্থিতিতে তাদের আসন বরাদ্দ দেওয়া হয়েছিল অক্টোবর মাসে। সে হিসেবে আগামী অক্টোবর পর্যন্ত হলে থাকার সুযোগ থাকার কথা ছিল। কিন্তু গত ২৩ এপ্রিল কলেজ প্রশাসনের এক সংক্ষিপ্ত নোটিশে ২০১৯-২০২০ (অনার্স) সেশনসহ পূর্ববর্তী সব সেশনের শিক্ষার্থীদের ৩০ এপ্রিলের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
এ সিদ্ধান্তকে অদূরদর্শী উল্লেখ করে তিনি বলেন, মাত্র এক সপ্তাহের নোটিশে ঢাকার মতো শহরে নতুন আবাসন খুঁজে নেওয়া একজন শিক্ষার্থীর জন্য প্রায় অসম্ভব। যেখানে এক বছরের জন্য আসন বরাদ্দ দেওয়া হয়েছিল, সেখানে অন্তত মাস্টার্সের ফলাফল প্রকাশ পর্যন্ত সময় দেওয়া যৌক্তিক ছিল।
তবে বাস্তবতা বিবেচনায় তিনি বলেন, বর্তমানে ক্যাম্পাসে ২০২৪-২৫ সেশন সবচেয়ে জুনিয়র এবং শিগগিরই ২০২৫-২৬ সেশনও যুক্ত হবে। অথচ এখনো ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীরা হল বরাদ্দ পায়নি, যা আবাসন সংকটকে আরও তীব্র করেছে।
তিনি অভিযোগ করে বলেন, আসন সংকটের পাশাপাশি প্রশাসনিক উদাসীনতা এবং প্রভাবশালী মহলের কারণে অনেক ক্ষেত্রে শিক্ষা জীবন শেষ হওয়া শিক্ষার্থীরাও হলে অবস্থান করছেন, যা সাধারণ শিক্ষার্থীদের জন্য সংকট তৈরি করছে। সবকিছু বিবেচনায় নিয়ে জুনিয়রদের আবাসন সমস্যার কথা মাথায় রেখে এবং প্রশাসনের নির্দেশের প্রতি সম্মান জানিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই তিনি নিজের আসন ছেড়ে দিয়েছেন বলে জানান।
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল ঢাকা কলেজের মাস্টার্স পরীক্ষা শেষ হওয়া শিক্ষার্থীদের হলের সিট ছেড়ে দেওয়ার জন্য এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেয় কলেজ প্রশাসন। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রাবাস আবাসিকতা/নবায়ন বিধিমালা অনুযায়ী মাস্টার্স শ্রেণিতে কেবল মাত্র ০১ (এক) বছরের জন্য ছাত্রাবাস বরাদ্দ/নবায়ন করা হবে। যে সকল শিক্ষার্থী বিগত বছরে মাস্টার্স শ্রেণিতে অধ্যয়ন করেছে তাদেরকে আগামী ৩০ এপ্রিলের মধ্যে ছাত্রাবাস ত্যাগ করার নির্দেশ দেয়া হয়।