Image description

গাজীপুরের শ্রীপুরে ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রির অভিযোগে মো. ডালিম মিয়াকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় স্থানীয় জনতা তাকে আটক করে পরে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

স্থানীয় সূত্র জানায়, বেড়াইদেরচালা গ্রামের ২ নম্বর সিএন্ডবি এলাকা থেকে ডালিম মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জবাই করা পাঁচটি ঘোড়ার মাথা, লেজ, চামড়া ও নাড়িভুঁড়ি উদ্ধার করা হয়। পরে রাতেই শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাকে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত মো. ডালিম মিয়া (৪১) শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা গ্রামের মো. শামসুদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে ওই এলাকায় বসবাস করছেন।

শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্র জানায়, খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা অংশগুলো পরীক্ষা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডালিম মিয়া জানান, তিনি ও তার সঙ্গে থাকা আরও কয়েকজন ঘোড়া জবাই করে মাংস গরুর মাংস বলে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তার সঙ্গে থাকা অন্যরা মাংস নিয়ে পালিয়ে যায়।

 

উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. মো. গোলাম মুর্শেদ মুরাদ জানান, ঘটনাস্থল থেকে ঘোড়ার মাথা, লেজ, চামড়া ও নাড়িভুঁড়ি উদ্ধার করা হয়। পরে সেগুলো মাটিচাপা দেওয়া হয়।

তিনি আরও উল্লেখ করেন, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত ডালিম মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।