বিএনপি ছাড়া এই মুহূর্তে এমন কোনো রাজনৈতিক দল নেই, যারা রাষ্ট্রকে মধ্যপন্থায় পরিচালনা করতে পারে বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সাহেদ আলম।
তিনি বলেন, বাংলাদেশে তিনি কখনোই জামায়াতে ইসলামকে একটি বৈধ ও গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তি হিসেবে দেখেননি।
সম্প্রতি এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের নামে ফ্যাসিবাদের পর ধর্মের নামে ফ্যাসিবাদ রাষ্ট্র কাঠামোয় প্রবেশ করতে আমি দেব না। বিএনপিকে টিকে থাকতে হবে, সফল হতে হবে এবং বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যাদের পক্ষে কখনো আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি হয়ে ওঠা সম্ভব নয়, কারণ এর গঠনটাই এমন। এদের দ্বারা কখনো ফ্যাসিস্ট হওয়া সম্ভব নয়। পাশাপাশি বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুক্তিযুদ্ধের প্রতি সবচেয়ে দায়বদ্ধ দল বিএনপি। এই দলটির প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের ঘোষক।
সাহেদ আলম বলেন, বিএনপির কোনো নির্দিষ্ট প্যারামিটার নেই যে, এটা না হলে আপনি বিএনপি হতে পারবেন না। যদি আপনি মনে করেন বাংলাদেশ আগে, বাংলাদেশের স্বার্থই আগে, আপনি যদি বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করেন, দেশ গঠনে আপনার ভূমিকা থাকে, আপনার যদি পাকিস্তানের প্রতি আনুগত্য না থাকে, ভারতের প্রতি আনুগত্য না থাকে, আপনি যদি মনে করেন আপনি আর বাংলাদেশ এক, বাংলাদেশ শব্দটি শুনলে আপনার যদি গা শিউরে ওঠে, তাহলে আপনি বিএনপি। আপনি আমাদের পতাকাতলে আসতে পারেন।
বিএনপির রাষ্ট্রদলটি গঠিত হয়েছে আওয়ামী লীগ, জামায়াত এবং অন্যান্যদের সমন্বয়ে। সুতরাং এদের দ্বারা কখনো যদি আপনার কোনো নির্দিষ্ট প্যারামিটার না থাকে, আপনার যদি ওই ধরনের কোনো বাধ্যবাধকতা না থাকে, তাহলে আপনি ফ্যাসিস্ট হতে পারবেন না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে একমাত্র জামায়াতি হতে পারে, বিএনপি হতে পারে না, বলেন তিনি।
তিনি আরও বলেন, আমি জন্মসূত্রে একটি জাতীয়তাবাদী পরিবারের সন্তান। আমি অন্ধভাবে বিএনপির লোক নই, তবে আমি জাতীয়তাবাদী। আমি সবসময় খোলাখুলি কথা বলেছি, কিছুই লুকাইনি। আমার প্রত্যেকটি কাজ ও কথাবার্তা দিনের আলোর মতো পরিষ্কার। আমার বক্তব্য নিয়ে আমাকে খাটো করা হয়, কারণ আমি রেকর্ডে কথা বলি। অন্যরা এসব আগে বলেনি, তাই তাদের কোনো রেকর্ড নেই।