Image description

রংপুর মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে অনলাইনে ভুয়া এসএসসি প্রশ্নপত্র বিক্রয়ের মাধ্যমে প্রতারণার সঙ্গে জড়িত এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে রংপুর নগরীর শালবন এলাকায় আরসিসিআই স্কুল এন্ড কলেজ সংলগ্ন একটি মেসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মহানগর গোয়েন্দা বিভাগের এসআই আবু সাইদ বাবলা ও এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, পুলিশ সদর দপ্তরের সহযোগিতায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে একটি চক্র অনলাইনে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে প্রতারণা করে আসছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ হেড কোয়ার্টারের এলআইসি শাখা বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে এবং রংপুর মহানগর এলাকায় সংশ্লিষ্ট এক প্রতারকের অবস্থান শনাক্ত করে।

জানা গেছে, আটক ব্যক্তি আরসিসিআই স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক শাখার দ্বিতীয় বর্ষের একজন ছাত্র। শিশু আইনের বিধান অনুযায়ী তার নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। তার বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানাধীন নাওডাঙ্গা এলাকায়।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি অনলাইনে ভূয়া প্রশ্নপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থ গ্রহণের বিষয়টি স্বীকার করেছে। তার ব্যবহৃত স্মার্টফোনে সংশ্লিষ্ট কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে এবং বিকাশ একাউন্টের স্টেটমেন্টেও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় অনলাইনে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে প্রযোজ্য আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।