রংপুরে চিকিৎসা শেষে মাইক্রোবাসে বাড়ি ফেরার কথা ছিল তাদের। কিন্তু সেই ফেরাই হলো জীবনের শেষযাত্রা। জেলার নাগেশ্বরী উপজেলার ব্যাপারীর হাট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মাইক্রোবাসটি নাগেশ্বরী উপজেলার ব্যাপারীর হাটের বাঁশেরতল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুহূর্তেই দুমড়েমুচড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন ভুরুঙ্গামারী উপজেলার আসাদমোড় উত্তর তিলাই গ্রামের বাসিন্দা মো. মনির হোসেন শামিম (২৮), তার মেয়ে মোছা. ছাদিয়া (৮), মো. জাহিদুল ইসলামের ছেলে মো. নুরনবী (২৮) এবং মাইক্রোবাসের চালক ধলডাঙ্গা গ্রামের মো. সাইফুর রহমানের ছেলে মো. লিমন (২৮)।
একই পরিবারের দুইজনসহ এলাকার চারজনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোক। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ।
উপজেলার শিলখুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদ বলেন, এটি শুধু একটি সড়ক দুর্ঘটনা নয়, একটি পরিবারের ভবিষ্যৎ থামিয়ে দেওয়ার মতো মর্মান্তিক ট্র্যাজেডি।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, প্রথমে নিহতের সংখ্যা তিনজন, পরে তা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে বাবা ও মেয়ে রয়েছেন। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে।