ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের দেওয়ার আদেশ বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আপিল করবে না কমিশন।
সোমবার (২৭ এপ্রিল) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এ তথ্য জানান।
নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে ইসির প্রাপ্তি ও জারি শাখায় তার মনোনয়নপত্র দাখিল করেন। রিটার্নিং কর্মকর্তা গ্রহণ করেননি। ফলে তার প্রার্থিতা অনিশ্চিত হয়ে পড়ে। পরবর্তীতে তিনি আদালতের দারস্থ হলে সোমবার তা গ্রহণ করার জন্য ইসিকে নির্দেশনা দেন হাইকোর্ট।
আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের পরে কোনো প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণের সুযোগ নেই। এক্ষেত্রে হাইকোর্ট আদেশ দেওয়ায় কমিশন আপিল করবেন কি-না জানতে চাইলে আব্দুর রহমানেল মাছউদ জানান, আমরা আদেশ বাস্তবায়ন করবো। কোনো আপিলে যাবো না। কেন না, মামলায় আমাদের পক্ষভূক্ত করা হয়নি।
ইসি ঘোষিত তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২১ এপ্রিল বিকেল ৪টা। এই সময়ের মধ্যে ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এদের মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১৩ জন (নুসরাত জমা দেন ৪টা ১৯ মিনিটে), স্বতন্ত্র জোটের একজন ও ব্যক্তিগতভাবে তিন প্রার্থী জমা দেন।
এদের মধ্যে ২২ ও ২৩ এপ্রিল বাছাইয়ে জামায়াত জোটের নুসরাতের মনোনয়নপত্র তালিকার বাইরে থেকে যায়। বাছাইয়ে এনসিপি নেত্রী মনিরা শারমিন তার সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর সময় অতিবাহিত না কারণে অবৈধ হন। এই জোটের টিকে যান ১২ জন। স্বতন্ত্রদের জোটের প্রার্থীও বৈধ হন। বিএনপি জোটের ৩৬ জনই টিকে যান। আর ব্যক্তিগতভাবে মনোনয়নপত্র জমাদানকারী তিনজনের মধ্যে একজন প্রত্যাহার করেন ও দু’জন অবৈধ হন। ইসিতে আপিল করলে তা খারিজ করে মনিরার মনোনয়ন বাতিলই করা হয়েছে।
শীর্ষনিউজ