Image description

আজ দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা ৬ মাস কমিয়েছে বর্তমান সরকার এবং এর ফলে আগামী ১০ আগস্টের পর তিনি এসএসএফ এর বিশেষ নিরাপত্তা পাবেন না।

তবে সংবাদমাধ্যমগুলোর প্রকাশ করা এই খবরটি সত্য নয়।

প্রকৃতপক্ষে, গত ২৩ এপ্রিল তারিখে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত যে প্রজ্ঞাপনের ভিত্তিতে এই খবর প্রকাশ করা হয়েছে সেখানে স্পষ্ট করেই বলা হয়েছে, গত ১০ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের জারি করা এই সংক্রান্ত আদেশ (যেখানে ড. ইউনূসের জন্য তার ক্ষমতা হস্তান্তরের পরের এক বছরের জন্য ভিভিআইপি মর্যাদা ঘোষণা করা হয়েছিল) অক্ষুণ্ণ রেখে বর্তমান আদেশটি জারি করা হচ্ছে।

২৩ এপ্রিল জারিকৃত প্রজ্ঞানপটি হুবহু এখানে উদ্ধৃত করা হলো:

"এস. আর. ও. নং ৮০-আইন/২০২৬। সরকার, বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) আইন, ২০২১ (২০২১ সনের ২৪ নং আইন) এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে, প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক ১০ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও. নং ৪৬-আইন/২০২৬ অক্ষুণ্ণ রাখিয়া, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং, প্রযোজ্য ক্ষেত্রে, প্রধান উপদেষ্টা-কে তাঁহাদের স্ব স্ব দায়িত্ব হস্তান্তর অথবা পদত্যাগ করিবার তারিখ হইতে বাংলাদেশের অভ্যন্তরে ৬ (ছয়) মাসের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করিল।
২। ইহা অবিলম্বে কার্যকর হইবে।"

অর্থাৎ, "প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক ১০ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও. নং ৪৬-আইন/২০২৬ অক্ষুণ্ণ রাখিয়া" বাক্য দিয়ে স্পষ্টতই ইউনূসের জন্য জারি করা ১ বছরের ভিভিআইপি মর্যাদা রেখেই নতুন আদেশ জারি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র দ্য ডিসেন্ট-কে নিশ্চিত করেছে, এই আদেশের মাধ্যমে ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদার সময়কাল কমানো হয়নি। বরং, এই আদেশ পরবর্তী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টাদের জন্য প্রযোজ্য হবে।

সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবীও দ্য ডিসেন্টকে একই বিষয় নিশ্চিত করে বলেছেন, যেহেতু পূর্বের এ সংক্রান্ত আদেশ অক্ষুণ্ণ রাখার কথা বলা হয়েছে, ফলে বর্তমান আদেশ পরবর্তী প্রধান উপদেষ্টাদের জন্য প্রযোজ্য।

নিচের এই অসত্য খবরটি ছড়িয়েছে তেমন কয়েকটি সংবাদমাধ্যমের এ সংক্রান্ত শিরোনামগুলো দেয়া হল:

কালের কণ্ঠ:

”ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা ৬ মাস কমল, ১০ আগস্ট পর্যন্ত এসএসএফ নিরাপত্তা”

যুগান্তর:

”ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা ৬ মাস কমল”

বাংলাট্রিবিউন:

”১০ আগস্টের পর ড. ইউনূস ভিভিআইপি সুবিধা পাবেন না”

সংবাদ প্রতিদিন:

”ক্ষমতায় থেকে অনৈতিক সুবিধা গ্রহণ! ইউনুসের ভিভিআইপি মর্যাদা ৬ মাস কমালেন তারেক”

ঢাকা টাইমস:

”হঠাৎ কেন কমিয়ে আনা হলো ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদার মেয়াদ?”

ভোরের কাগজ:

”ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা ছয় মাস কমাল সরকার”

বাংলা এডিশন:

”ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা কমে ৬ মাস”