নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় এক নেতাকে কয়েকজন কোলে তুলে ক্যাম্পাস থেকে বের করে দেন।
সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সংগঠনের অভ্যন্তরীণ কর্মসূচির সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সাব্বির হোসেনের সঙ্গে সহসভাপতি আমিনুল ইসলামের অনুসারীদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আমিনুল ইসলামের সমর্থকরা সাব্বির হোসেনকে কোলে তুলে নিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেন। এ সময় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
সংগঠনের কর্মীরা জানান, ক্যাম্পাসে সাংগঠনিক প্রভাব বিস্তার এবং সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দীর্ঘদিন ধরেই এই দুই নেতার অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। সোমবারের ঘটনাটি ক্ষোভেরই বহিঃপ্রকাশ বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে জানতে সাব্বির হোসেনের ফোনে কল দেওয়া হলে ‘মিটিং আছি’ বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
পরে আমিনুল ইসলামের ফোনে কল দিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম বলেন, বিষয়টি নিজেদের মধ্যে ভুল-বুঝাবুঝি হয়েছিল। পরে মীমাংসা দেওয়া হয়েছে।