Image description

সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়েছে অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে ঘিরে একটি মন্তব্য। ভাইরাল ফটোকার্ডে দাবি করা হচ্ছে, মনোনয়ন না পেয়ে তিনি বলেছেন-‘হাদি হত্যার বিচার চাওয়ায় শেষ মুহূর্তে এসে আমায় সংরক্ষিত আসনের এমপি তালিকা থেকে বাদ দিয়েছে বিএনপি’।

তবে অনুসন্ধানে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।

তথ্য অনুযায়ী, কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়েছিলেন চমক এবং দলটিতে যোগদানের বিষয়টিও নিশ্চিত করেছিলেন। কিন্তু ২০ এপ্রিল ঘোষিত চূড়ান্ত তালিকায় তার নাম না থাকায় এই প্রসঙ্গ ঘিরে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াতে শুরু করে।

ভাইরাল হওয়া ফটোকার্ডটির উৎস অনুসন্ধান করে দেখা যায়, এতে উল্লিখিত বক্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র নেই। প্রাসঙ্গিক কী-ওয়ার্ডে খোঁজ করেও মূলধারার গণমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো প্ল্যাটফর্মে এমন মন্তব্যের অস্তিত্ব মেলেনি।

অনুসন্ধানে উঠে আসে, ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজ থেকেই প্রথম এই ফটোকার্ডটি প্রকাশ করা হয়। পেজটির পরিচিতিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে-এটি একটি স্যাটায়ার বা প্যারোডিমূলক পেজ। একই পেজে এ ধরনের আরও বহু ব্যঙ্গাত্মক পোস্টের উপস্থিতিও দেখা যায়।

সবদিক বিবেচনায় নিশ্চিত হওয়া যায়, আলোচিত মন্তব্যটি বাস্তব নয়; বরং একটি স্যাটায়ার পোস্টকে সত্য দাবি করে প্রচার করা হয়েছে। তাই রুকাইয়া জাহান চমকের নামে ছড়ানো এ বক্তব্যটি সম্পূর্ণ ভুয়া।