Image description

সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা হয়নি এনামুল হক বিজয়ের। এবার ঢাকা প্রিমিয়ার লিগে মাঠে নামতে যাচ্ছেন এই ওপেনার। মোহামেডানের হয়ে খেলবেন তিনি। সোমবার (২৭ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হয়ে দলকে চ্যাম্পিয়ন করার কথাও জানান তিনি।

ঢাকা লিগ নিয়ে অতীত স্মৃতি টেনে বিজয় বলেন, 'আমি ১৭ শেষ করে প্রিমিয়ার লিগে ডাক পাই। কোনোভাবে তারা পছন্দ করে, তাদের উইকেটকিপার একটু কম ছিল। তারপরের থেকে আমি আসলে বড় হতে হতে ২০১২ থেকে একটু বুঝা শিখলাম। ১২-র পরের থেকে আমি লিস্ট এ ক্রিকেটটা খেলা শুরু করি। তখন আবাহনীকে চ্যাম্পিয়ন হতে দেখেছি, আমি গাজীতে চ্যাম্পিয়ন হয়েছি। কিন্তু মোহামেডান অনেক বড় টিম, অনেক বড় টিম।'

তিনি আরও বলেন, 'আমি ১০০% চেষ্টা করব (মোহামেডানকে শিরোপা জেতাতে)। আর সাথে আমাদের অনেক বড় বড় প্লেয়ার আছে, যারা ঘরোয়া ক্রিকেটে অনেক নামী-দামী প্লেয়ার এবং পারফর্ম করে আসছে, জাতীয় দলেও তারা ভালো মতো প্রতিনিধিত্ব করছে।'

জাতীয় দলের হয়ে আরও ৫-৭ বছর খেলার কথা জানিয়ে বিজয় বলেন, 'প্রিমিয়ার লিগ সবসময় আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, আল্লাহর রহমত করছে এবং আমি চেষ্টা করছি ভালো করার। এবার একটা বড় চ্যালেঞ্জ আছে আমার টিমকে চ্যাম্পিয়ন করানো। তসেটা যদি করতে পারি, সেরকম অনুযায়ী পারফরম্যান্স করতে পারি, অবশ্যই নির্বাচকরা তো বাইরে রাখবে না আশা করি।'

এই ওপেনার যোগ করেন, 'আমি এখনো চিন্তা করি আমি ৫-৭ বছর যদি পারফরম্যান্স করতে থাকি, আমি জাতীয় দলে খেলা ডিজার্ভ করব, যদি আমি এভাবে ফিটনেস এবং পারফরম্যান্স ধরে রাখতে পারি। আরও ৫-৭ বছর তো অবশ্যই জাতীয় দলে খেলতে চাই। সাথে ঘরোয়াতে যেরকম আমার নাম আছে, যেভাবে আমি সম্মানের সাথে খেলি, সেই সম্মানটা বজায় যেন থাকে, সেটার চেষ্টা করব সবসময় পারফরম্যান্স দিয়ে।'