Image description

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি।

 

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে আমিরে মজলিসের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

এ সময় ইরান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আমিরি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও আমিরে মজলিসের পররাষ্ট্রবিষয়ক সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন।

 

সাক্ষাতে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত আগ্রাসন, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বিশেষভাবে উঠে আসে। উভয়পক্ষই বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

 

 

এ সময় মামুনুল হক ইরানের বিরুদ্ধে চলমান পরিস্থিতিকে মুসলিম উম্মাহর স্বার্থের সঙ্গে সম্পর্কিত বলে মন্তব্য করেন এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ইরানের প্রতি সংহতি জানান।

 

আলোচনায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি তেলবাহী জাহাজ চলাচল প্রসঙ্গও উঠে আসে। আমিরে মজলিস এ বিষয়ে ইরানের সহযোগিতামূলক ভূমিকা কামনা করেন। জবাবে ইরানের রাষ্ট্রদূত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন। এ বিষয়ে নিজ সরকারের কাছে ইতিবাচক বার্তা পাঠাবেন বলে জানান।

 

তিনি আরও বলেন, বাংলাদেশ ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত থাকবে।